আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে জয়পুরহাটের কালাই উপজেলার মুখ উজ্জ্বল করেছে দশম শ্রেণির শিক্ষার্থী আশিক। তার এ অসামান্য অর্জনে অভিনন্দন জানিয়ে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহমেদ তাঁর কার্যালয়ে আশিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
আশিক কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাচাকুল গ্রামে। আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতা ICANEWS International Research Contest-এ বিশ্বের সেরা ১০ জনের মধ্যে স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে সে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ পেয়েছে। এ ছাড়া Immerse Education Essay Competition-এও ‘মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে সে। পাশাপাশি অক্সফোর্ড ও ক্যামব্রিজভিত্তিক একটি সামার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ৩০ শতাংশ বৃত্তি পেয়েছে আশিক।
আশিকের এ সাফল্যের পেছনে তার নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবার এবং শিক্ষকদের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদ্যালয়ের শিক্ষকদের দিকনির্দেশনা, নিয়মিত পাঠদান ও শিক্ষাবান্ধব পরিবেশ তার প্রতিভা বিকাশে সহায়ক হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার এমন উদ্যোগ ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, “আশিকের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা, অধ্যবসায় ও পরিশ্রম আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা আশা করি, আশিক ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। তার পথচলায় বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাবে।”
আশিকের বাবা মোঃ মিজানুর রহমান এবং মা মোছাঃ আকলিমা বেগম। সন্তানের এ অর্জনে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, আশিক ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও গবেষণার মাধ্যমে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম