মোঃ রেজুওয়ান আহমেদ
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে অভাবের তাড়নায় পাঁচ লাখ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করেছেন বলে দাবি করেছেন ছামছুল ইসলাম (৩০)। তবে অভাব না কাটতেই ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মাত্রাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়। ছামছুল উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ছামছুল দাবি করেন, প্রায় এক মাস আগে ইরানের একটি হাসপাতালে তাঁর বাম পাশের কিডনি বিক্রি করেন তিনি। চট্টগ্রামের মাসুম নামের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পর তাঁকে ইরানে নেওয়া হয়। সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাঁর পকেটে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া যায়। তাঁর শরীরের বাম পাশেও অস্ত্রোপচারের দাগ রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কিডনি বিক্রির বিষয়টি জানা যায়। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনায় জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম