অশ্রু কুমার, ডুয়েট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবীরূপে কন্যাশিশুর আরাধনা, অঞ্জলি প্রদান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বাণী অর্চনা সংসদের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন ভক্তরা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় কন্যাশিশুর মধ্যে দেবী দুর্গার শক্তি ও পবিত্রতার প্রতীকী রূপ কল্পনা করে পূজা করা হয়। এর মাধ্যমে মাতৃশক্তির বন্দনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা, মর্যাদা ও সম্মানের বার্তা তুলে ধরা হয়।
মহাষ্টমী শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন দেবী দুর্গার আরাধনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ভক্তরা দেবীর আশীর্বাদ কামনা করেন। ডুয়েটের কেন্দ্রীয় মন্দিরে পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার মাতৃরূপ ও নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করেন ভক্তরা।
লি/আ
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম