
ভারতের মহারাষ্ট্রে কনকনকাদা পাহাড়ের খাড়া কিনারা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের ২৪ বছর বয়সী এক যুবক। বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল নামের ওই যুবক মৃত্যুর আগে ১৩ মিনিটের একটি ভিডিও ধারণ করেন। এতে দাম্পত্য বিরোধ, চলমান আইনি প্রক্রিয়া এবং মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গোহিল গুজরাটের ভাবনগরের বাসিন্দা ছিলেন। তিনি ডাক বিভাগের কর্মী হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গোহিলের বিয়ে হয়। তবে বিয়ের আট মাসের মাথায় তাঁদের দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরে। গত ১২ সেপ্টেম্বর তাঁর স্ত্রী পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ৯ অক্টোবর আদালতে হাজির হয়েছিলেন গোহিল।
মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে গোহিল দাম্পত্য কলহ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা বলেন। তাঁর দাবি, পারিবারিক মতবিরোধকে পারিবারিক সহিংসতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর মা ও ভাইয়ের বিরুদ্ধেও নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তাঁর ভাষ্য অনুযায়ী মিথ্যা।
ভিডিওতে তিনি আরও দাবি করেন, চলমান বিরোধের কারণে তিনি মানসিক, আর্থিক ও সামাজিক চাপের মধ্যে ছিলেন। এসব পরিস্থিতি তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লি/আ
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম