জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহত চালকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন ইজিবাইকচালক এনামুল হক (৬০) ও একই গ্রামের সোহরাব আলী (৫৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালাই থানার ওসি সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি খাদে পড়ে রয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লি/আ
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম