দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং জনগণের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে পৌঁছে বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচিও বিবেচনায় রয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের কাজ আরও গতি পাবে।
সম্পাদক: লিটন আফরোজ।
নিউজ ডিবিএন | আপনার আস্থার সংবাদমাধ্যম