
নিজস্ব প্রতিবেদক | News DBN
প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার নিশ্চিত করা, চিকিৎসায় অবহেলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইনজীবীরা।
রোববার (১১ অক্টোবর) সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক অনলাইন ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, আইনে মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা, রোগীর তথ্যের গোপনীয়তা, চিকিৎসায় সম্মতি এবং অভিযোগ নিষ্পত্তির স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষার বিধান রাখতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মুশতাক হোসেন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। অ্যাডভোকেট মমতাজ মৌ প্যালিয়েটিভ কেয়ার, সালমা মাহবুব প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার এবং ফরিদা আখতার সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের অধিকার ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে কার্যকর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএলপিএর সিনিয়র পলিসি অ্যানালিস্ট কামরুনন্নিছা মুন্না। এতে বিভিন্ন পর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
লি/আ
মন্তব্য করুন