
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে আগস্ট মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
আগস্ট ২০২৬ মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় হয়েছে শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন, পিপিএম।
শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মহিবুল্লাহ এবং তৃতীয় হয়েছেন বনানী থানার এসআই জুম্মান খান।
এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. কামাল উদ্দিন। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং তৃতীয় হয়েছেন পল্টন থানার এএসআই মো. নাজিম উদ্দিন।
অপরদিকে, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, পিপিএম-সেবা।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট টুটুল মালো।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন