
নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর ফেনীতে প্রথম সফর। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন।
১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প
মুহুরী-কহুয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননের কাজ করা হবে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফুলগাজীতে বৃক্ষরোপণ ও রুফটপ সোলার
দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। সেখানে দুপুর দেড়টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করা হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ বাবদ ২ হাজার ৫০০ টাকা করে পাবেন বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন।
ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ডের মুদ্রিত কপি পাবেন। একই অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে।
ফ্যামিলি কার্ডে ৫১০ পরিবার
সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে সুবিধাবঞ্চিত নারীপ্রধান পরিবারের মধ্যে ৫১০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। এছাড়া দুস্থ ও অসহায় মানুষ, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাইলট পর্যায়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে ফ্যামিলি কার্ড কর্মসূচি বড় পরিসরে বিস্তারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নদী-খাল পুনঃখনন কর্মসূচিও শুরু
বর্ষার বিরতির পর নদী, খাল ও জলাশয় পুনঃখনন কার্যক্রমও নতুন করে শুরু হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে প্রায় ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্য রয়েছে।
ফেনীর মুহুরী-কহুয়া নদী ঘিরে নেওয়া প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, নদী পুনঃখনন ও সেচ অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকায় ফিরবেন বিকেলে
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে সফরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য করুন