
লিটন আফরোজঃ রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারের অন্যতম হোতা ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)
পুলিশ জানায়, গত ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে অটো সজলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তার তিন সহযোগীকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি
‘টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি মাদক
বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া অটো সজলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন