
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং মোড়ের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার চারমাথা মোড়ে একটি ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের দাবি, প্রতিপক্ষের হামলায় বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মন্তব্য করুন