
যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে প্রাণনাশের হুমকি এবং যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা ও বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকে অশালীন ভাষায় গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইভেন্ট ব্যবসায়ী আদিত্য অধিকারীর ব্যবসায়িক মালামাল লুটপাটের হুমকি দেওয়া হয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিলে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত মাসুম বিল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি শ্রী গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি হারুন অর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়াসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আকবর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে ০১৭১১০৬৭৬২০ নম্বর থেকে আদিত্য অধিকারীর মোবাইল ফোনে কল করে তাকে ব্যবসা না করার হুমকি, অশালীন ভাষায় গালিগালাজ, মাগুরায় প্রবেশে বাধা, ব্যবসায়িক মালামাল লুট এবং পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এসব হুমকি দেন মাগুরা জজ কোর্ট এলাকার ডেকোরেট ব্যবসায়ী শ্রাবণী ডেকোরেটর-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ। এ ঘটনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
ঘটনার পর আদিত্য অধিকারী যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন